রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল
- Update Time : ১০:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১ Time View

রমাদ্বানের তাৎপর্যে মৌলভীবাজারে ছাত্রশিবিরের সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সদস্যদের নিয়ে সদস্য শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬, ১৯ রমাদ্বান ১৪৪৭ হিজরি) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহর সভাপতি কাজী দাইয়ান আহমেদের সভাপতিত্বে এবং জেলা সভাপতি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমাদ্বান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক চরিত্র গঠনের প্রশিক্ষণের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাদেরকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি সদস্যদের কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া এবং মাওলানা হাফেজ তাজুল ইসলাম। বক্তারা মাহে রমাদ্বানের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ করে সমাজে ন্যায়, সততা ও কল্যাণ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




















