এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত
- Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৬ Time View

এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই
সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
এক মুহূর্তের আগুনেই শেষ হয়ে গেল বহু কষ্টে গড়ে তোলা স্বপ্ন। গাইবান্ধার সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের ডাকবাংলা এলাকায় দিনমজুর আসাদুল ইসলামের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে তার দুটি গরু। আগুনে ছাই হয়ে গেছে তার শেষ সম্বল। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো দিনমজুরি করে কোনো রকমে সংসার চালাতেন আসাদুল ইসলাম। অভাব-অনটনের মধ্যেও ভবিষ্যতের কথা ভেবে এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক বছর আগে দুটি গরু কিনেছিলেন তিনি। পরিকল্পনা ছিল গরু বড় করে বিক্রি করে সেই টাকায় বিয়ের উপযুক্ত মেয়ের বিয়ে দেবেন। গরু দুটিই ছিল তার সংসারের একমাত্র ভরসা ও স্বপ্ন।
কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে আসে আগুনের লেলিহান শিখা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই তার গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভেতরে থাকা দুটি গরুকে বের করার আগেই সেগুলো পুড়ে মারা যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অনেক চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়াল ঘরসহ ভেতরে থাকা গরু দুটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দিনমজুর আসাদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“মেয়ের বিয়ের চিন্তা করে এনজিও থেকে ঋণ নিয়ে এক বছর আগে গরু দুটা কিনছিলাম। অনেক কষ্ট করে পালন করছিলাম। ভাবছিলাম বড় হলে বিক্রি করে মেয়ের বিয়ে দিব। কিন্তু এক মুহূর্তের আগুনেই সব শেষ হয়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় সহমর্মিতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দিনমজুর আসাদুল ইসলামের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।
নিজের চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন বহু কষ্টে গড়ে তোলা স্বপ্ন। এখন ভস্মীভূত গোয়াল ঘরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলছেন আসাদুল ইসলাম। তার চোখে একটাই প্রশ্ন কীভাবে আবার নতুন করে শুরু করবেন জীবন?
























