টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: মালয়েশিয়া পাচার চেষ্টায় নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
- Update Time : ০৯:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৬ Time View

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: মালয়েশিয়া পাচার চেষ্টায় নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
জামাল উদ্দীন ,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#######




















