দৌলতপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- Update Time : ০৪:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯ Time View

দৌলতপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়া, প্রতিনিধি মোঃ শাহিন শেখ ৯ ফেব্রুয়ারি ২০২৬:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্বাচনী বেইজ ক্যাম্পের তল্লাশি অভিযানে এক মাদক চোরাকারবারিকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন দৌলতপুর নির্বাচনী বেইজ ক্যাম্প (বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয়) হতে পরিচালিত অভিযানে চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপাড়া কাঁচা রাস্তায় একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হয়।
এ সময় তল্লাশিকালে মোঃ মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলীর পুত্র। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক লক্ষ চুয়ান্ন হাজার আটশত (১,৫৪,৮০০) টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমন এবং সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























