হাকিমপুরে ডাস্টবিন ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা — জনদুর্ভোগ চরমে
- Update Time : ০৮:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৬ Time View

হাকিমপুরে ডাস্টবিন ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা — জনদুর্ভোগ চরমে
রিপোর্টার: জাকিয়া ডলি, হাকিমপুর
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বাসুদেবপুর চার নম্বর ওয়ার্ডে ডাস্টবিন ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। সাবেক কাউন্সিলর মামুনুর রশিদের বাড়ির সামনে রাস্তা, পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে এবং বাজারে যাওয়ার মূল সড়কের পাশে পৌরসভা একটি ছোট ডাস্টবিন স্থাপন করলেও নিয়মিত ময়লা অপসারণ না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ—পৌরসভার গাড়ি নিয়মিত না আসায় ডাস্টবিন উপচে পড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। পথচারী, বাজারমুখী মানুষ ও আশপাশের বাড়ির বাসিন্দারা প্রতিদিনই দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীর মতে, সামান্য বৃষ্টি হলেই জমে থাকা আবর্জনা পানির সঙ্গে মিশে রাস্তা আরও কর্দমাক্ত হয়ে পড়ে। এতে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক সবাইকে চরম ঝুঁকি নিয়ে চলতে হয়। পাশাপাশি নোংরা পরিবেশ থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়ানোর আশঙ্কাও রয়েছে।
অনেকে জানান, ডাস্টবিনটি ছোট এবং উপযুক্ত স্থানে না হওয়ায় আশপাশের মানুষ দ্বিধায় পড়ে কোথায় ময়লা ফেলবে। অন্যদিকে সময়মতো ময়লা সংগ্রহ না হওয়ায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও দৃষ্টিকটু দৃশ্য।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ডাস্টবিন বড় করা, নতুন স্থানে স্থানান্তর, নিয়মিত গাড়ি পাঠিয়ে ময়লা অপসারণ এবং এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য পৌরসভার প্রতি জোর দাবি জানিয়েছেন।
হাকিমপুর পৌরসভা যদি দ্রুত উদ্যোগ না নেয়, তাহলে এই নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্য ও জনদুর্ভোগের জন্য আরও বড় ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।











