কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
- Update Time : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯ Time View

কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলায় সামিয়া নিঝুম (২০) নামের মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুষ্টিয়া শহরের ওই ভবনে তিনি একাই একটি কক্ষ সাবলেট নিয়ে থাকতেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার এসব তথ্য নিশ্চিত করেছেন। বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রোববার রাতে সামিয়ার বাবা মুঠোফোনে যোগাযোগ করে মেয়ের সঙ্গে কথা বলতে না পারার কথা জানান এবং রুমে খোঁজ নিতে বলেন। একাধিকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ওই বাসায় সাবলেট থাকা কুষ্টিয়া মেডিকেল কলেজের আরেক ছাত্রী জানান, জানুয়ারির শেষ দিকে সামিয়া পাশের কক্ষটি ভাড়া নেন। তাঁদের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। তাঁর কোনো ব্যক্তিগত সমস্যার কথা তাঁরা জানতেন না।
ওসি কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


























