রমজানে দাম নিয়ন্ত্রণে দোহারে প্রশাসনের অভিযান
- Update Time : ০৪:২২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬ Time View

রমজানে দাম নিয়ন্ত্রণে দোহারে প্রশাসনের অভিযান
শহীদুল ইসলাম শরীফ, ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার দোহার উপজেলায় বিশেষ মনিটরিং অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) উপজেলার জয়পাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্যের মূল্য তালিকা ঝুলানো আছে কি না তা যাচাই করেন। এছাড়া কৃত্রিম সংকট রোধে পণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কেউ যদি অতিরিক্ত মূল্য আদায় করে বা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই তদারকি কার্যক্রম পুরো রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।”














